রুহুল আমিন বাবু: যাত্রা শুরুর মাত্র দুই মাসের মাথায় আহ্বায়ক কমিটি গঠন করে নিজেদের জেলার ধারাবাহিক উন্নয়নের রূপরেখা ঘোষণা করেছে বাগেরহাটের বিভিন্ন পেশাজীবীদের সমন্বয়ে গঠিত অরাজনৈতিক সংগঠন ‘বাগেরহাট অফিসার্স ফোরাম (BOF)’। সোমবার দুপুরে পর্যটন মোটেল অ্যান্ড ইয়ুথ ইন-এ আয়োজিত ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা থেকে এই ঘোষণা দেওয়া হয়।
কমিটির নেতৃত্বে রয়েছেন সরকারের দুই সাবেক সচিব ড. মো. ফরিদুল ইসলাম বাবলু এবং মোহাম্মদ মসিউর রহমান। এদিন ড. ফরিদুল ইসলামকে আহ্বায়ক এবং মোহাম্মদ মসিউর রহমানকে প্রধান উপদেষ্টা হিসেবে ঘোষণা করা হয়।
গত ২ এপ্রিল ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ চত্বর থেকে এই সংগঠনের যাত্রা শুরু হয়। বাগেরহাটে জন্ম নেওয়া যেসব কৃতি শিক্ষার্থী বিসিএস ক্যাডার হয়ে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত, তাদের নেতৃত্বে মূলত এই সংগঠন গড়ে ওঠে।
শিল্প মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. জাকির হোসেনের সমন্বয়ে এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারি পরিচালক মো. ইমরান আলীর সঞ্চালনায় সোমবারের অনুষ্ঠানে বক্তারা বাগেরহাটের সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক উন্নয়নের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন। রাস্তাঘাটের বেহাল অবস্থা, জেলা সদরের অবকাঠামোগত দুর্বলতা, পিসি কলেজের মতো শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়নসহ নানা বিষয় আলোচনায় উঠে আসে।
বাগেরহাটের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বাতিঘর খ্যাত প্রতিষ্ঠান ‘লতিফ মাস্টার ফাউন্ডেশন’-এর কর্ণধার ড. ফরিদুল ইসলাম বাবলু তার বক্তব্যে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের অগ্রগতি সম্পর্কে সংগঠনের সদস্যদের অবহিত করেন। তিনি জানান, বাগেরহাটের যেকোনো উপজেলা থেকে উন্নয়নসংক্রান্ত কোনো প্রস্তাবনা পেলে সেটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বাস্তবায়নের উদ্যোগ নেবেন। তাঁর অবহিতকৃত অগ্রগতি ও পরিকল্পনার মধ্যে উল্লেখযোগ্য:
• বৃহত্তর খুলনার জন্য ৫০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন
• এলজিডিতে প্রায় ৫৭ কোটি টাকা বৃদ্ধি করে জেলার বিভিন্ন রাস্তা, কালভার্ট ও ব্রিজ প্রকল্প পাস
• পনেরোটি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন নির্মাণ,
উর্ধ্বমুখী সম্প্রসারণ ও মেরামতের উদ্যোগ
• কয়েকটি মাদ্রাসায় নতুন ভবন নির্মাণ ও সংস্কার কাজ
• পাঁচটি উপজেলায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা
• পৌরসভায় এক কোটি টাকার বিশেষ বরাদ্দ প্রদান।
এসবের পাশাপাশি আরও কয়েকটি প্রকল্প নিয়ে আলোচনা করেন তিনি।
Hi, this is a comment.
To get started with moderating, editing, and deleting comments, please visit the Comments screen in the dashboard.
Commenter avatars come from Gravatar.